শিশুকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে পুলিশে দিল জনতা

চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী উপজেলায় ৮ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মো. শাহ আলম (৩৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিকলবাহা এলাকার একটি পরিত্যক্ত মাদরাসার বারান্দায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শাহ আলম শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট সেজ্যাগোষ্ঠীর বাড়ির মৃত জাফর আহম্মদের ছেলে।

জানা গেছে, সোমবার সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে শাহ আলম শিশুটিকে ডেকে শিকলবাহা দ্বীপ কালার মোড়ল এলাকার ‘হাজী আজম আলী সেকান্দর’ নামীয় একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে দোকান থেকে খাবার কেনার জন্য ১০ টাকা দেন। এরপর প্রলোভন দেখিয়ে শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং নিপীড়ন চালান।

এ সময় মো. সাদ্দাম নামের এক স্থানীয় বাসিন্দাসহ আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে অভিযুক্ত শাহ আলমকে হাতেনাতে আটক করেন। পরে কর্ণফুলী থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভুক্তভোগী শিশুর বাবা মো. রুবেল (৩৫) বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top