সাংগঠনিক মিটিংয়ের কার্ড না পেয়ে বিএনপির তৃণমূল কর্মীর ক্ষোভ!

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ চট্টগ্রাম এসেছেন। সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় নগরীর একটি পাঁচ তারকা হোটেলে সাংগঠনিক সভা করবেন। যেখানে অংশগ্রহণ করবেন চট্টগ্রামের প্রায় ৭০০ নেতাকর্মী।

আর সেই সভায় উপস্থিতি কার্ড না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খান।

অভিমান ও আক্ষেপ নিয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেন — “দলের দুঃসময়ে ৭০০ জনের জায়গায় ৭ জন পেতাম না মিটিং, মিছিল, হরতালে, এখন ৭০০ জন যারা কার্ড পেয়েছে তারা কারা?”

আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘দলের দুঃসময়ে যারা রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন তাঁরা সবসময় অবহেলিত’।

এর পরেই তিনি আরেকটি ভিডিও বার্তা দেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন— ‘‘স্বৈরাচারী শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে, তার চোখে-চোখ রেখে দলের দুঃসময়ে যদি আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে নেতৃত্ব দিতে পারি, ক্ষমতায় যারা হাইব্রিড, আত্মীয়করণ এবং আওয়ামীলীগ পূর্ণবাসনে ব্যস্ত হয়ে পড়েছেন, আপনাদের জন্য কি করতে পারি, এটা সময়ের অপেক্ষায় থাকেন’’।

তিন মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি আরো বলেন— ‘‘অত্যন্ত বেদনাদায়ক ও ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কারণে, আমি মুর্তজা যে কি না চট্টগ্রামে সর্বোচ্চ ১২৫টি মামলার আসামি ছিলাম এবং সর্বোচ্চ সময় কারাগারে ছিলাম। আমার বাবা মারা গিয়েছিলেন আমি প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছিলাম। জেলে থাকা অবস্থায় বহদ্দারহাটে পুলিশের সঙ্গে মারামারিতে আমাকে আসামি করা হয়। সেই আমি ৭০০ জনের সাংগঠনিক সভায় স্থান পেলাম না। এ দায় কে নেবে? এ দায় দায়িত্ব আজকে যারা মন্ত্রী-এমপি হয়েছেন আপনাদেরকে নিতে হবে।  ধিক্কার জানাই আপনাদেরকে’’।

তার এই অভিমান ও ক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি চাটগাঁ নিউজকে মুঠোফোনে বলেন, আমার মতো সর্বোচ্চ নির্যাতিত একজন যদি  ইনভাইট না পায় তাহলে কিসের আর রাজনীতি করলাম? রেডিসন ব্লু আমাদের এলাকায় আমি এই এলাকায় রাজনীতি করছি তৃণমূল থেকে। অথচ আমি ঢুকতে পারছি না। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে! অথচ যাদের পদ পদবি ছিল না, দলের দুঃসময়ে যারা গা বাঁচিয়ে চলতো তারা কার্ড পেয়েছে। এ দায় আমি কাকে দিব? যেখানে আমি মূল্যায়িত হচ্ছি না সেখানে তৃণমূলের অবস্থাতো আরো খারাপ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top