বিনোদন ডেস্ক: একসময় নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেলেও বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। বর্তমানে বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করলেও নাটক কিংবা চলচ্চিত্রে নিয়মিত দেখা যায় না তাকে। সম্প্রতি অভিনয় থেকে সরে থাকার কারণ জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবনযাপন ও পেশাগত অবস্থান নিয়ে কথা বলেন হাসান মাসুদ। তিনি জানান, জীবনে একটি বড় ধরনের পরিবর্তনের পর থেকেই নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। একই সঙ্গে ধর্মীয় চিন্তাভাবনাও তার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হাসান মাসুদের ভাষ্য, বর্তমানে তিনি নিয়মিত অভিনয় করেন না। বিজ্ঞাপনের কাজ পছন্দ হলে বা সুযোগ পেলে তবেই কাজ করছেন। জীবনের পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি নিজেকে এখন অনেকটাই ধর্মমুখী বলে উল্লেখ করেন।
এই অভিনেতা জানান, সম্প্রতি তিনি হজ পালন করেছেন। এ জন্য প্রায় ৪১ দিন মক্কা ও মদিনায় অবস্থান করেছেন। তবে তার জীবনের এই পরিবর্তন হজ পালনের সময় থেকেই শুরু হয়নি; এর সূচনা আরও আগে থেকেই বলে জানান তিনি।
জীবনযাত্রার পাশাপাশি বই পড়ার অভ্যাসেও বড় পরিবর্তন এসেছে হাসান মাসুদের। একসময় প্রচুর বই পড়লেও বর্তমানে তিনি আর বই পড়েন না। এর পেছনে নিজের দীর্ঘদিনের পাঠাভ্যাসকেই দায়ী করেছেন তিনি।
হাসান মাসুদ জানান, অতিরিক্ত বই পড়তে পড়তে একটা সময় তার মধ্যে আবেগ-অনুভূতির জায়গাটি অনেকটাই ভোঁতা হয়ে গিয়েছিল। বিভিন্ন ঘটনা তিনি তখন অনেকটা যান্ত্রিকভাবে বিশ্লেষণ করতেন। ফলে মানুষের প্রতি স্বাভাবিক আবেগ বা অনুভূতিও তার মধ্যে আগের মতো কাজ করত না।
এ কারণে নিজের সংগ্রহে থাকা প্রায় ১ হাজার ২০০ বইও বিক্রি করে দিয়েছেন বলে জানান তিনি। নীলক্ষেতে বইগুলো প্রায় পানির দামে বিক্রি করেছিলেন। এরপর থেকেই বই পড়ার অধ্যায় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান এই অভিনেতা।
হাসান মাসুদের কর্মজীবনের শুরু অভিনয় দিয়ে নয়। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন তিনি। প্রায় সাত বছর পর ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর সাংবাদিকতায় যুক্ত হন।
‘দ্য নিউ নেশন’-এ কাজ করার পর ১৯৯৫ সালে ‘দ্য ডেইলি স্টার’-এ ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। পরে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সাংবাদিকতা থেকে অভিনয় জগতে পা রাখেন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে ২০০৩ সালে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘মেড ইন বাংলাদেশ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। নাটকেও নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।
‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’সহ বিভিন্ন নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও কাজ করেছেন হাসান মাসুদ। ‘ব্যাচেলর’ সিনেমার জনপ্রিয় গান ‘আজকে না হয় ভালোবাসো’-তে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশ করেন নিজের প্রথম গানের অ্যালবাম ‘হৃদয়ঘটিত’।
দীর্ঘ অভিনয়, সাংবাদিকতা ও সংগীতজীবন পেরিয়ে বর্তমানে জীবনের এক ভিন্ন অধ্যায়ে রয়েছেন হাসান মাসুদ। নিয়মিত অভিনয় থেকে দূরে থাকলেও বিজ্ঞাপনে বেছে বেছে কাজ করছেন। তবে তার বর্তমান জীবনের বড় অংশজুড়ে রয়েছে ধর্মীয় ভাবনা, আত্মঅনুসন্ধান এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা।
চাটগাঁ নিউজ/এমকেএন





