সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (৯ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির একটি দলের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়। এ ঘটনায় সিআইডিতে একটি মামলা চলমান রয়েছে এবং সেটি তদন্ত করা হচ্ছে। তিনি ওই মামলার অন্যতম আসামি।

উল্লেখ্য, সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা রয়েছে। মৃত্যুর প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহ’র মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top