আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন (৪৯) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জামালের ঘরের সঙ্গে লাগোয়া তার চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে জামাল ঘটনাস্থলে যান। পরে নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এ সময় গুরুতর আহত জামালকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও তার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, চাচাতো ভাইয়ের ঘরে আগুন লাগার খবর পেয়ে জামাল সেখানে যান। পরে নিজের ঘরের আইপিএসের লাইন বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top