চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াছিন আরাফাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকার মো. আলি হোসেনের ছেলে বলে জানা গেছে।
সৈকতে দায়িত্বরত সি-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সমুদ্রে গোসল করার সময় তিনি পানিতে ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
পরে সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে ইয়াসিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





