চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটিতে গর্ভজাত শিশু হত্যার অভিযোগে ডা. মাসুদুর রহমান তালুকদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা জুয়েল রানা।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। মামলার আসামি করা হয়েছে রাঙামাটি জেনারেল হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ডা. মাসুদুর রহমান তালুকদারকে।
মামলার বিবরণ অনুযায়ী, কাউখালীর বেতবুনিয়ার বাসিন্দা জুয়েল রানা তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রীনা আক্তারকে প্রসববেদনা নিয়ে গত ৮ জুলাই রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করান। অভিযোগে বলা হয়, ১০ জুলাই করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে মা ও গর্ভের সন্তান সুস্থ ছিল।
তবে ১১ জুলাই ডা. মাসুদুর রহমান তালুকদার আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে গর্ভের শিশুর মৃত্যু হয়েছে বলে জানান এবং রোগীর অক্সিজেন খুলে দেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, প্রায় দুই ঘণ্টা অক্সিজেন ছাড়া থাকার কারণে গর্ভজাত শিশুর মৃত্যু ঘটে।
এ বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, চিকিৎসকের বিরুদ্ধে মামলার বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





