হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৯টি। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় শুধুমাত্র হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কৃত করায় বৈষম্যের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা অফিসের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে একটি নির্দিষ্ট বিদ্যালয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে উপজেলার অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসের সঙ্গে কয়েকটি বিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের দাবি, বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজন এমনভাবে পরিচালিত হয়, যাতে নির্দিষ্ট কয়েকটি বিদ্যালয়ই সুবিধা পায়। অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করলেও মূল্যায়নের ক্ষেত্রে তারা বঞ্চিত হন বলে অভিযোগ করেন এসব শিক্ষক।
তাদের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও উৎসাহ কমে যেতে পারে। তাই ভবিষ্যতে সব বিদ্যালয়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উপায়ে প্রতিযোগিতা পরিচালনার দাবি জানান তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহেদা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, আমরা মেসেঞ্জার গ্রুপে জানিয়েছি। যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে সবচেয়ে ভালগুলোই পুরস্কৃত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/শোয়াইব/এমকেএন






