সরফভাটা ক্ষেত্রবাজার মোড় দখলমুক্ত, স্বস্তিতে ৪ ইউনিয়নের মানুষ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের চার ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ছিল সরফভাটা ক্ষেত্রবাজার মোড়ের তীব্র যানজট। অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযানের পর সড়কটি প্রশস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ ও পুলিশ সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।

অভিযানে সরফভাটা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন ক্ষেত্রবাজার মোড়ে সৈয়দ আলী সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। ফলে দীর্ঘদিন ধরে সংকীর্ণ হয়ে থাকা সড়কটি আবারও স্বাভাবিক প্রশস্ততা ফিরে পায়।

স্থানীয়দের অভিযোগ ছিল, অবৈধ স্থাপনার পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রতিদিনই এই মোড়ে তীব্র যানজট সৃষ্টি হতো। এতে শিলক, সরফভাটা, কোদালা ও পদুয়া ইউনিয়নের হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। অতীতে এই যানজটে আটকে জরুরি রোগী পরিবহনেও বিঘ্ন ঘটার ঘটনাও রয়েছে।

উচ্ছেদ অভিযানের পর এলাকাবাসী প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সড়ক দখলমুক্ত হওয়ায় যাতায়াত এখন অনেক সহজ হয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, নিয়মিত তদারকি না থাকলে আবারও সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা কিংবা রিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠতে পারে। তাই বাজার কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, জনস্বার্থে সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top