পাকিস্তান ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ স্মিথ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথকে দুই বছরের চুক্তিতে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৪৬ বছর বয়সী স্মিথ লাল বল ও সাদা বল—উভয় সংস্করণের দল নিয়েই কাজ করবেন।

গত কয়েক মাস ধরে এই বিশেষায়িত পদটি শূন্য ছিল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারুবা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে হারের পর পূর্ণকালীন ব্যাটিং কোচ নিয়োগের দাবি আরও জোরালো হয়।

আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন স্মিথ।

টেস্ট দলে উমর গুল বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও দুই সংস্করণের জন্য স্থায়ী কোনো ব্যাটিং কোচ ছিল না। নির্বাচক আসাদ শফিক মাঝে মাঝে সেই দায়িত্ব পালন করতেন। এবার থেকে স্থায়ীভাবে সেই দায়িত্ব নেবেন স্মিথ।

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে না খেললেও কোচ হিসেবে মাইকেল স্মিথের সুনাম রয়েছে। সর্বোচ্চ পর্যায়ের প্রশিক্ষক সনদধারী এই কোচ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে সফলভাবে কাজ করেছেন। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতান্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

এ ছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও তাসমানিয়ার ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার দুটি আঞ্চলিক দলের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি একদিনের এবং ১৬টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন স্মিথ। সব মিলিয়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ২৯ রান। এর মধ্যে রয়েছে ৯টি শতক ও ৪০টি অর্ধশতক।

পাকিস্তানের ব্যাটিং বিভাগকে ধারাবাহিকতায় ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ নিয়েই কাজ শুরু করবেন তিনি। ইংল্যান্ড সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজেই সেই পরীক্ষার প্রথম মঞ্চ অপেক্ষা করছে। কারণ দীর্ঘ সংস্করণে পাকিস্তান টানা আটটি বিদেশের টেস্টে হেরে কঠিন সময় পার করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top