চাটগাঁ নিউজ ডেস্ক : শেখ হাসিনার বক্তব্য দেয়ার আয়োজন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার বক্তব্যের আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগ এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘শেখ হাসিনার বক্তব্যসংক্রান্ত অনুষ্ঠানটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজনে হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং ওই অনুষ্ঠানে প্রকাশিত কোনো বক্তব্যের দায় বা সমর্থনও সরকার বহন করে না।’
রণধীর জয়সওয়াল আরও জানান, এটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ। ওই প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি যে মতামত প্রকাশ করবেন, তার সঙ্গে ভারত সরকারের অবস্থানের কোনো সম্পর্ক নেই।
এদিকে, শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বাংলাদেশে আদালতের নির্দেশনার বিষয়েও আলোচনা চলছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গণমাধ্যমগুলোকে আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন,‘আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। কেউ আগাম প্রচার বা পরে বক্তব্য প্রকাশ করলে তা আদালতের আদেশ অমান্য হিসেবে বিবেচিত হতে পারে।’
চাটগাঁ নিউজ/এসএ





