চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নূর আয়েশা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নূর আয়েশা চর খাগরিয়া ইউনিয়ন এলাকার হাফেজ আহমদের স্ত্রী বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, বৃদ্ধা আয়েশা পরিবারের সদস্যদের সঙ্গে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহন করা অটোরিক্সাটি কেওচিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নূর আয়েশা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






