চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচালিত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অ্যাডভেঞ্চার পর্যটনে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু ঘটে। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলা হয়, এটি পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা তুলে ধরেছে, যার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ প্রশাসনের নেই।
নোটিশে অভিযোগ করা হয়, কক্সবাজার সৈকতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর ও মানসম্মত সরঞ্জাম ছাড়াই প্যারাসেইলিং পরিচালিত হচ্ছে। অতীতেও এমন কয়েকটি দুর্ঘটনা ঘটলেও কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়নি।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যারাসেইলিং পরিচালনার কোনো বৈধ অনুমোদন ছিল না। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের অগোচরেই ঘটনাটি ঘটেছে। এসব বিষয় প্রশাসনিক তদারকির ঘাটতির ইঙ্গিত দেয় বলে নোটিশে উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশে মোট আটটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, অপারেটরদের লাইসেন্স ও নিরাপত্তা মান যাচাই, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের জবাবদিহি নিশ্চিত করা, নিহত পর্যটকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং দরিয়ানগরের সংশ্লিষ্ট প্যারাসেইলিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা জনসমক্ষে প্রকাশ করা।
এ ছাড়া ভবিষ্যতে প্যারাসেইলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক মানসম্মত নিরাপত্তা নির্দেশিকা প্রণয়ন, কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা এবং তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা।
চাটগাঁ নিউজ/এমকেএন





