চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন হিসেবে জাগের হোসেন বাচা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাগের হোসেন বাচা ওই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জাগের হোসেন বাচাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






