চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
যদিও এর আগে চট্টগ্রাম সফর করা ২ মন্ত্রী প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর অনিশ্চিত বলে জানিয়েছিলেন।
বিষয়টি নাকচ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী ৯ আগস্ট চট্টগ্রামে যাচ্ছেন; তা এখন পর্যন্ত চূড়ান্ত। সব ঠিকঠাক থাকলে তিনি বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করবেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন নির্মাণকৃত বাড়িও হস্তান্তর করবেন। তাছাড়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান।
এদিকে তাঁর এই সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রামের প্রশাসন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। রাঙানো হচ্ছে সড়ক আইল্যান্ড, খানাখন্দে ভরা রাস্তায় রাতারাতি করা হচ্ছে কার্পেটিং, ল্যাম্পপোস্টে বসছে নতুন বাতি।
চাটগাঁ নিউজ/জেএইচ






