পচা ও বাসি খাবার সংরক্ষণ, সীতাকুণ্ডে দুই রেস্টুরেন্টকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: সীতাকুণ্ড পৌরসদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে দুই রেস্টুরেন্টকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসদরের রাজবাড়ি রেস্টুরেন্ট ও আল আমিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খাদ্য প্রস্তুতের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর পাওয়া যায়। এছাড়া পরিদর্শনের সময় দুই প্রতিষ্ঠানে পচা ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে রাজবাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং আল আমিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর জাহেরুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top