১৫ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা গ্রহণের পর অবশেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে দেশে ফেরার অনুভূতি প্রকাশ করেন এই জনপ্রিয় অভিনেতা। তিনি বলেন, আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সব সময় সবার জন্য দোয়া করি।

গত বছরের এপ্রিল মাসে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার পুরো সময় তিনি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি মেয়ের বাসায় অবস্থান করেন। এ সময় পরিবারের সদস্যরাও নিয়মিত তার পাশে ছিলেন।

অভিনেতার ছেলে মিরাজুল মইন জয় জানান, বর্তমানে তার বাবার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বলেন, অস্ত্রোপচারের পর দুই মাস রেডিয়েশন থেরাপি দেওয়া হয় এবং গত জুলাই মাসে সর্বশেষ কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, টিউমারের আকার অনেকটাই ছোট হয়ে এসেছে, যা ইতিবাচক অগ্রগতি। তবে চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে ভবিষ্যতে আবার বিদেশে যেতে হবে। আপাতত তিনি কিছুদিন দেশে অবস্থান করবেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা টিউমারের বড় অংশ অপসারণে সফল হলেও জটিলতার কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যান্সার শনাক্ত হয়।

এরপর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। পরে আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ১২ সপ্তাহের নিবিড় চিকিৎসাকালে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। পরবর্তী ধাপের চিকিৎসাসহ সব মিলিয়ে প্রায় ১০০টি কেমোথেরাপি গ্রহণ করেছেন তিনি।

চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে শেষ করে দেশে ফিরলেও ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। দেশে অবস্থানকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাবেন তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top