চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের বাজারে হু হু করে বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা পর্যায়ে সর্বনিম্ন দাম গিয়ে ঠেকেছে প্রায় ৩৫০ টাকা কেজি। আর এই দাম নিয়ন্ত্রণ রাখতে সরকারের অনুমতির পর দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধ থাকা দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে কাঁচামরিচবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে পুনরায় এ বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়।
প্রথম দিন চারটি ট্রাকে প্রায় ৩০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। আর এই খবরে দেশীয় বাজারে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ৯০ টাকা কমেছে।
জানা গেছে, ভারতের কাটিহার থেকে এসব কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। আমদানিকারকদের আশা, বাজারে সরবরাহ বাড়লে কাঁচামরিচের দামও ধীরে ধীরে কমে আসবে।
দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার সম্প্রতি কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। এর আওতায় হিলি স্থলবন্দরের ৭৪ জন আমদানিকারক মোট ২৭ হাজার ১১০ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন পেয়েছেন।
উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল। এরপর দীর্ঘ সাড়ে ৮ মাস এ পণ্যটির আমদানি বন্ধ ছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ





