দুবাই ফেরত যাত্রীর অন্তর্বাসে লুকানো ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: দুবাই থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিশেষ কৌশলে অন্তর্বাসের ভেতরে লুকিয়ে আনা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুসার (৩৩)। আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নিবিড় নজরদারিতে রাখা হয়। পরে সিআইআইডি, ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস হাউসের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তার দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

সিআইআইডি জানিয়েছে, তল্লাশির সময় যাত্রীর অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে পাঁচটি স্বর্ণের চুড়িসহ আরও কিছু স্বর্ণালংকারও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট এবং প্রায় ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার রয়েছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম বা দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

সিআইআইডির কর্মকর্তারা জানান, নিরাপত্তা তল্লাশি ফাঁকি দিতে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে বিশেষভাবে শরীরে লুকিয়ে বাংলাদেশে আনার চেষ্টা করা হয়েছিল। তবে পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো আগে থেকেই সতর্ক থাকায় পাচারের সেই পরিকল্পনা সফল হয়নি।

অভিযানে স্বর্ণ ছাড়াও অভিযুক্ত ব্যক্তির পাসপোর্ট, মোবাইল ফোন এবং বোর্ডিং পাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন, আমদানি নীতি আদেশ, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনা এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top