বহদ্দারহাট বাজারে ভোক্তা অধিকার অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২ আগস্ট) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় যৌথভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে।

অভিযানে বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের বিধান অমান্য করার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে মুন্না পোল্ট্রিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রহিমের মুরগির দোকান, সেহাবিয়া পোল্ট্রি, মোহসেন আউলিয়া স্টোর, বিসমিল্লাহ মাংস বিতান এবং ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top