রাউজানে যুবদল নেতা হত্যায় ধামা ইলিয়াসের ২ দিনের রিমান্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : রাউজানে যুবদল নেতা মাসুদুল হক হত্যা মামলায় মো. ইলিয়াস ওরফে ‘ধামা ইলিয়াসের’ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৯ জুলাই) তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করলে বিচারিক সাখাওয়াত হোসেন এ আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার ঢাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে আনা হয়েছে।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইলিয়াসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ইলিয়াসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, ইলিয়াস চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও অস্ত্র হাতে তার উপস্থিতি দেখা গেছে। পাঁচটি হত্যাসহ তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১৩ জুন দুপুরে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাসুদুল হক চৌধুরীকে। পরিবারের সদস্যদের দাবি, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের ধারণা, কর্ণফুলী নদীর বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘটনার দুই দিন পর নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। মামলায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী মোহাম্মদ রায়হান, মো. ইলিয়াস, মো. মোবারক, দিদারুল আলম, মো. ইউসুফসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। একই সময়ে শতাধিক গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top