সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও অবৈধভাবে বিদেশি সিগারেট মজুতের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) র‍্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সদরঘাট থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি দারোগারহাট রোডে ইলিয়াস মাঝির বাড়ির একটি ভাড়া করা গুদামে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট মজুত ও বিক্রি করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নগরের চকবাজার থানার সোনামিয়া এলাকার বাসিন্দা এবং মৃত মুছা মিয়ার ছেলে।

অভিযানের সময় গুদাম তল্লাশি করে ২ হাজার ৮৫০ কার্টন ওরিস (Oris) ব্র্যান্ড এবং ৬৪০ কার্টন প্যাট্রন (Patron) ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। প্রতিটি কার্টনে ১০ প্যাকেট হিসেবে মোট ৩৪ হাজার ৯০০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তি ও জব্দ করা সিগারেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top