চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের অগ্নিসংযোগে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয় বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় জানা গেছে। অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত মোহাম্মদ আপন নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের বাসিন্দা এবং আলী মিয়ার ছেলে। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়েন তিনি। আলী মিয়া বলেন, ‘আগুনে আমার ছেলেসহ কয়েকজন মারা গেছে। আগুন তো সবকিছু নিয়ে গেছে। এখন তাদের কী অবস্থা, সেটাও ঠিকভাবে জানতে পারছি না।’
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা একটি দোকানে আগুন ধরিয়ে দিলে সেখানে অবস্থানরত অন্তত ছয় বাংলাদেশি প্রাণ হারান।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের ক্রোকারচরের তিনজন, রামনগরের একজন এবং চর আলীরটেকের একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি একজনের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।
এদিকে, এ ঘটনার খবরে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের নিহত হওয়ার খবর পেয়েছেন। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন





