কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনালা বন্দুক উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর দিকনির্দেশনা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টহল দল পরিত্যক্ত অবস্থায় একটি একনালা বন্দুক উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বন্দুকটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, নিবিড় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিজিবি।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





