চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আকতার সর্দার (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জুলাই) চট্টগ্রাম মহানগরের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি এলাকার বাসিন্দা। তিনি মো. সাত্তার সর্দারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ী সাহেবপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি জুতার কারখানায় এবং মা একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। বাবা-মা কর্মস্থলে থাকায় শিশুটি প্রায়ই বাসায় একা থাকত।
মামলার নথি অনুযায়ী, প্রতিবেশী হওয়ায় আকতার সর্দার পরিবারের সঙ্গে পরিচিত ছিল এবং শিশুটিকে বিভিন্ন জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখাত। ২০২২ সালের ২ জুলাই বাবা-মায়ের অনুপস্থিতিতে সে বাসায় প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেয়।
ভয়ভীতির কারণে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়লে তার মা ঘটনার বিষয়ে জানতে পারেন। পরিবারের সদস্যরা শারীরিক আঘাতের আলামত দেখতে পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। পরে শিশুটির বাবা সদরঘাট থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২৪ সালের ১৫ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





