চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকায় মা-বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) রাতে আনোয়ারা থানায় নিহত স্বপন দাশ গুপ্তের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মা-বাবা হত্যার ঘটনায় রিমন দাশ গুপ্তকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরের আগে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিমন দাশ গুপ্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল।
ঘটনার দিন সকালে রিমন তার মা-বাবাকে নিয়ে বাইরে যান। পরে তারা বাড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান তিনি। স্ত্রীকে রক্ষা করতে গেলে স্বপন দাশ গুপ্তও ছেলের হামলার শিকার হন।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে রিমনকে আটক করা হয়। ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে। পরে নিহতের স্বজনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





