চাটগাঁ নিউজ ডেস্ক : সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান ভাড়া নেওয়ার পর আত্মসাতের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জামাল উদ্দিন আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
জানা গেছে, জামাল উদ্দিন আহমেদ চৌধুরী চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি নিষিদ্ধ যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে মামলা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মসাৎ হওয়া ৬টি কাভার্ডভ্যানের মূল্য প্রায় দুই কোটি টাকা। ব্যবসায়ী সাইফুল ইসলাম নিটল মোটরস থেকে কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিম বলেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





