চাটগাঁ নিউজ ডেস্ক: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও সাতকানিয়া উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির উদ্যোগে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
ত্রাণ কার্যক্রমের আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা, সরদার পাড়া ও দক্ষিণ পাড়া এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় বন্যাদুর্গত পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনায়, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অনুমোদন এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী। আয়োজকরা জানান, দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো মানবিক দুর্যোগে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, পার্কভিউ হসপিটাল লিমিটেড মনে করে মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই প্রতিষ্ঠানটি উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করে আসছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকালীন সহায়তা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালনে পার্কভিউ হসপিটাল লিমিটেড ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





