চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ ১৬ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা এক হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং ও দুটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা মালামাল, চোরাচালানে ব্যবহৃত লাইফ বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি জানান, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।
চাটগাঁ নিউজ/এসএ





