অবৈধ পার্কিংয়ের দখলে হাজার কোটি টাকার সড়ক, বাড়ছে জনদুর্ভোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। নিমতলা থেকে বারেক বিল্ডিং, অলংকার মোড় হয়ে পোর্ট কানেক্টিং রোড পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের মূল উদ্দেশ্য ছিল দেশের প্রধান সমুদ্রবন্দরে পণ্যবাহী যানবাহনের চলাচল সহজ করা। কিন্তু অবৈধ পার্কিংয়ের কারণে সেই লক্ষ্য অনেকটাই ব্যাহত হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর।

সরেজমিনে দেখা যায়, পোর্ট কানেক্টিং রোডের দুই পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকে ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভার। এতে চার লেনের সড়কের বড় একটি অংশ কার্যত পার্কিং এলাকায় পরিণত হয়েছে। কোথাও দুই লেন, কোথাও আবার এক লেন দিয়েই যানবাহন চলাচল করতে হচ্ছে। ফলে যানজট কমার পরিবর্তে বেড়েছে ভোগান্তি।

শুধু পোর্ট কানেক্টিং রোডেই নয়, পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড, সিবিসি রোড, বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও একই চিত্র দেখা যায়। রাস্তার পাশে ভারী যানবাহনের সারি নিয়মিত যান চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

ভারী যানবাহনের চালকদের দাবি, নগরীতে ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভার রাখার জন্য পর্যাপ্ত ট্রাক টার্মিনাল বা হোল্ডিং ইয়ার্ড না থাকায় তারা বাধ্য হয়েই সড়কের পাশে গাড়ি পার্কিং করেন।

অন্যদিকে নগরবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। কয়েকদিন পরই আবার সড়ক ও ফুটপাত দখল হয়ে যায়। ফলে একই সমস্যায় বারবার দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

নগর পরিকল্পনাবিদদের মতে, কেবল সড়ক প্রশস্ত করলেই যানজটের সমাধান সম্ভব নয়। কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, হকারদের পুনর্বাসন, কঠোর আইন প্রয়োগ এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভারী যানবাহনের জন্য পরিকল্পিত ট্রাক টার্মিনাল ও হোল্ডিং ইয়ার্ড নির্মাণও জরুরি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অবৈধ পার্কিংয়ের জন্য কাউকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে শোকজ ও জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভারের জন্য নির্ধারিত টার্মিনাল নির্মাণের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, সড়কের পাশে ভারী যানবাহন পার্কিং করা আইনত অবৈধ। তবে নির্ধারিত ট্রাক টার্মিনালের অভাবে চালকরা বাধ্য হয়ে সড়কের দুই পাশে যানবাহন রাখছেন। তিনি জানান, সমস্যা সমাধানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত একটি ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিস্তারিত দেখতে ক্লিক করুন সিপ্লাস টিভির ভিডিও লিংকে………………………

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top