রাঙ্গুনিয়ায় শিশু অপহরণ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বাবা অসুস্থ—এমন ভুয়া তথ্য দিয়ে স্কুল থেকে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌথ অভিযানে অপহৃত ওয়াসিফা জান্নাত তাসকিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জুলাই) আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিব (২২), মো. ফয়সাল (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণের মূল পরিকল্পনাকারী ফয়সাল অপহৃত শিশুর বাবার আপন মামাতো ভাই। পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের পরিকল্পনা করেন। পরে অর্থের প্রলোভন দেখিয়ে পরিচিত দুই সিএনজি অটোরিকশাচালককে এ ঘটনায় যুক্ত করেন।

ঘটনার সূত্রপাত গত ২০ জুলাই সকালে। দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা এলাকার ইমাম আজম আবু হানিফা (রহ.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী তাসকিন প্রতিদিনের মতো স্কুলে যায়। ছুটির পর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সহপাঠীদের কাছ থেকে জানা যায়, এক ব্যক্তি সিএনজি অটোরিকশা নিয়ে এসে নিজেকে শিশুটির বাবার পাঠানো লোক হিসেবে পরিচয় দেন। তিনি তাসকিনকে জানান, তার বাবা অসুস্থ এবং তাকে বাবার কাছে নিয়ে যেতে হবে। কথাটি বিশ্বাস করে শিশুটি ওই ব্যক্তির সঙ্গে চলে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা দেলোয়ার হোসেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই জেলা গোয়েন্দা পুলিশ ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একাধিক দল উদ্ধার অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। শিশু অপহরণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……..

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন/জেএইচ

Scroll to Top