চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় দায়ের করা ইয়াবা উদ্ধারের এক মামলায় পলাতক আসামি মো. সোহেল (৩৭)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা এবং মো. শফির ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১ জুন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি প্রবেশগেটসংলগ্ন এপিবিএন চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে সোহেলকে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা স্কুলব্যাগ এবং জুতার মোজার ভেতর থেকে মোট ৫ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর এপিবিএনের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাওসার সাগর জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






