চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া যায়, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার জন্য বিষয়টি সরকারের উচ্চপর্যায়েও উপস্থাপন করা হবে।
বুধবার (২২ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তিনি জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পাঠানো বিভিন্ন প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।
সভার শুরুতে নির্ধারিত সময়ের কিছুটা পরে কার্যক্রম শুরু হওয়ায় ভবিষ্যতে সময়ানুবর্তিতা নিশ্চিত করার আহ্বান জানান প্রশাসক। তিনি বলেন, বিভিন্ন উপজেলা থেকে কর্মকর্তারা সভায় অংশ নিতে আসেন। তাই নির্ধারিত সময় মেনে সভা পরিচালনা করা সবার দায়িত্ব।
মাহবুবের রহমান শামীম বলেন, মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ইউএনওরা। জনগণের সবচেয়ে কাছাকাছি থেকে কাজ করার সুযোগ থাকায় স্থানীয় সমস্যা সমাধান, দুর্যোগ মোকাবিলা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করলে উন্নয়নের সুফল আরও দ্রুত মানুষের কাছে পৌঁছানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জেলা পরিষদ প্রশাসক বলেন, দুর্নীতির ক্ষেত্রে তাঁর নীতি ‘জিরো টলারেন্স’। সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। অনিয়ম বা দুর্নীতি একসময় প্রকাশ পায় উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের সেবা নিশ্চিত করাই জেলা পরিষদের লক্ষ্য। এ জন্য জেলা পরিষদকে একটি সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তরকে একযোগে কাজ করতে হবে। সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও সুপারিশ পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দেন তিনি।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সঞ্চালনায় সভায় নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এস. এম. খালেকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আনিছ উদ্দিন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার ও সমাজসেবাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






