দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না: অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক আন্দোলনে। শহরজুড়ে ‘ককরোচ জনতা পার্টি’র ডাকা আন্দোলন ঘিরে চলছে বিক্ষোভ। সোমবার তারা ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করলে পরিস্থিতি আরও তীব্র হয়। এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকা ও প্রভাবশালী ব্যক্তিরা।

তবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি সরাসরি দিল্লি পুলিশ-কে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, এ ধরনের ঘটনায় তাদের লজ্জা হচ্ছে কি না। একই সঙ্গে দেশের নেতা-মন্ত্রীদেরও তিনি কঠোর ভাষায় সমালোচনা করেন।

ক্ষোভ প্রকাশ করে অরিজিৎ আরও বলেন, এই সব ঘটনার হিসাব একদিন নেওয়া হবে এবং পরিবর্তনই একমাত্র স্থায়ী বাস্তবতা—এ কথাও মনে করিয়ে দেন তিনি।

অরিজিতের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন তার ভক্তরা। একই সঙ্গে বলিউডের অন্যান্য তারকারা এ বিষয়ে কবে মুখ খুলবেন, সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এদিকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি অভিনেত্রী স্বরা ভাস্কর-এর স্বামী। এ ঘটনাতেও ইতোমধ্যে কয়েকজন তারকা প্রতিবাদ জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top