চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৯টি শিশু, যার মধ্যে ৯২২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং পরীক্ষায় ১৪৭ জনের হাম নিশ্চিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামে আক্রান্ত হয়ে সরাসরি কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগের। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
নতুন শনাক্ত হওয়া ১৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯০ জন। চট্টগ্রামে ৩২ জন, ময়মনসিংহে ১১ জন, বরিশালে ৯ জন, রংপুরে ৩ জন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
চলমান পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১১ জন শিশু।
এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনে। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৫৭৮ জনের হাম নিশ্চিত হয়েছে। মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের প্রায় ৮০ শতাংশই টিকা নেয়নি। আরেকটি অনুসন্ধানে উঠে এসেছে, হামে মারা যাওয়া শিশুদের ৫২ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি হামের সংক্রমণ ও মৃত্যুর কারণ নিয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।
চাটগাঁ নিউজ/এমকেএন






