৩১ নাবিক নিয়ে আমিরাতের বন্দরে আটকা পড়েছে ‘বাংলার জয়যাত্রা’

চাটগাঁ নিউজ ডেস্ক : ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে দেশটির। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে রাষ্ট্রায়ত্ব পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আটকা পড়েছে।

এসময় জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

সোমবার (২ মার্চ) বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম. মাহমুদুল মালেক বলেন, জাহাজটি বর্তমানে জেবেলে আলী বন্দরের জেটিতে অবস্থান করছে। আমরা তাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছি। জাহাজে থাকা সকল নাবিকেই ভালো আছেন। তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

বর্তমানে বিএসসির বহরে মোট সাতটি জাহাজ রয়েছে। এর মধ্যে জয়যাত্রা ছাড়া অন্য কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপারেশনাল র্কাযক্রমে নেই।

বাকি ছয়টি জাহাজ যুক্তরাষ্ট্র, পাকিস্তান, কানাডা, রাশিয়া, সেনেগাল ও লাইবেরিয়ার বিভিন্ন বন্দরে বাণিজ্যিক র্কাযক্রমে রয়েছে। বিএসসির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিএসসি এমডি মাহমুদুল মালেক জানান, আমরা জাহাজের ক্রুদের সঙ্গে নিয়মিত অনলাইনে যোগাযোগ রাখছি। তাদের পর্যাপ্ত খাবার ও পানি সংরক্ষণ করে রাখতে বলো হয়েছে। যেকোনো ধরনের সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের।

এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মত আরব আমিরাতের দুবাইয়েও হামলা চালিয়েছে ইরান। তাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। দুবাইয়ের জেবেল আলী বন্দরও হামলার ঝুঁকিতে আছে বলে মনে করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top