স্পোর্টস ডেস্ক: ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
ইনিংসের প্রথম ওভারেই সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। তার করা বাউন্সার সামলাতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান ওপেনার সাহিবজাদা ফারহান। উইকেটের পেছনে সহজ ক্যাচ নেন লিটন দাস। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে।
দ্বিতীয় ওভারে আক্রমণে এসে আরেকটি উইকেট তুলে নেন নাহিদ রানা। আগের বলেই ছক্কা হাঁকানো মাজ সাদাকাত এবারও আক্রমণাত্মক খেলতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন। ৫ বলে ৬ রান করে বিদায় নেন তিনি।
এরপর ক্রিজে এসে শুরুতেই চার মেরে ভালো ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্টাম্প ভেঙে যায় তার। ৪ বলে ৪ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার।
শুরুতেই তিন ওভারে তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়ে পাকিস্তান। এরপর অভিষিক্ত গাজি ঘোরি ও আব্দুস সামাদ দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজন মিলে ধীরে ধীরে একটি জুটি গড়ে তোলেন।
তবে এই জুটি ভাঙেন নাহিদ রানা। তার বলেই বোল্ড হয়ে ফেরেন অভিষিক্ত গাজি ঘোরি। ৬৭ বলে গড়া ৫০ রানের জুটির ইতি ঘটে। ঘোরি ৩৯ বলে ১ ছক্কা ও ৩ চারে ৩৯ রান করেন।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আব্দুস সামাদও। ইনিংসের ১৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ব্যাটের কানায় লাগিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি। ৪৫ বলে ৩৪ রান করে ফেরেন সাজঘরে।
১৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৯২ রান। ক্রিজে আছেন শান মাসুদ ও সালমান আলি আঘা।
চাটগাঁ নিউজ/এমকেএন





