২৭ দিন পর সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১২) আর বেঁচে রইলো না। টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি সবার কাছে তার ভাতিজির আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার অংশ থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের কন্যা হুজাইফা আফনান। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে সেদিনই সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পরবর্তীতে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ তখন জানিয়েছিলেন, অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হওয়ায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা যায়নি। তবে মস্তিষ্কের চাপ কমাতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমাল সীমান্ত সহিংসতার শিকার এই শিশু।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top