চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ওই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবারের বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলায় প্রকাশকদের কোনো স্টল ভাড়া দিতে হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। সেলিম রেজা বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব।
প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন অনন্যার মো. মনিরুল হক, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, ইউপিএলের মাহরুখ মহিউদ্দিন, অ্যাডর্নের সৈয়দ জাকির হোসেন। তারা বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।
কয়েক দফায় পেছানোর পরে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছিল বইমেলা পরিচালনা কমিটি। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন প্রথম সারির ৩০০ প্রকাশক। তাদের যুক্তি ছিল, রমজান মাসে বইমেলায় কাঙ্ক্ষিত জনসমাগম হবে না। তাই তাদের লগ্নি করা অর্থ তুলে আনা কষ্টসাধ্য হবে। তারা বইমেলায় অংশ নেবেন না বলে জানিয়েছিলেন।
তাদের দাবি ছিল, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন ভাড়া সম্পূর্ণ মওকুফ করা।
প্রথম সারির প্রকাশকরা বইমেলায় অংশ না নিলে মেলার আমেজ থাকবে না বলে মন্তব্য এসেছে নাগরিক সমাজ থেকে। সংস্কৃতিজন অনেকেই বইমেলার আয়োজন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। বইমেলা ফেব্রুয়ারি মাসে আয়োজিত হবে কি-না এ নিয়ে সংশয় দেখা দেয়।
বইমেলা আয়োজনে দোদুল্যমান পরিস্থিতির অবসান হয় বুধবার রাতে। সংস্কৃতি মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলা একাডেমির সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘বই প্রকাশ ও বিপণনে প্রকাশকদের উৎসাহিত করতে এবং সামগ্রিকভাবে বইমেলার পরিসর আরও বিস্তৃত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ছোট ও নতুন প্রকাশকরাও সহজে মেলায় অংশ নিতে পারবেন।’
বৈঠক শেষে প্রকাশক মাজহারুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘আমাদের মূল দাবি সংস্কৃতি মন্ত্রণালয় মেনে নিয়েছে। আর সমস্যা নেই। আমরা সবাই বইমেলায় অংশ নিচ্ছি।’
তিনি জানান, বইমেলার সময় বিবেচনায় এবার বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকছে না। প্রকাশকদের মধ্যে যারা প্যাভিলিয়নের জন্য আবেদন করেছিলেন, তারা ৫ ইউনিটের স্টল বরাদ্দ পাচ্ছেন।
সভা সূত্রে জানা গেছে, আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবে। একই দিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।
প্রতিবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে মেলার আয়োজন করা হবে।
এবারের বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। মাসব্যাপী চলবে এই মেলা। সাপ্তাহিক কর্মদিবসগুলোতে মেলা শুরু হবে বেলা ২টা থেকে, শেষ হবে রাত ৯টায়। আর ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে স্টল ও প্যাভিলিয়ন।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা, প্রবেশব্যবস্থা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। মেলায় নতুন বই প্রকাশ, লেখক-পাঠক আড্ডা ও বিভিন্ন আলোচনা অনুষ্ঠান থাকবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





