২৪ ঘণ্টার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে ২৪ ঘণ্টার কর্মবিরতি এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) অবরোধ কর্মসূচির কারণে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি, কনটেইনার ওঠানামা এবং কার্গো হ্যান্ডলিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর জানান, বিকেলে বন্দর ভবন চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হলেও আজ একটানা ২৪ ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা।

এদিকে স্কপের পক্ষ থেকে টোল প্লাজায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্কপ নেতা তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া যাবে না। ছয় মাস ধরে আমরা দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার কর্ণপাত করেনি। সরকারের সিদ্ধান্ত জনগণের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। এটি আমাদের জন্য জীবন-মরণ সমস্যা।

স্কপ নেতা কমরেড শাহ আলম অভিযোগ করে বলেন, নির্বাচনের মুখে বন্দর শ্রমিকদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার অপচেষ্টা চলছে। কোনো ওপেন টেন্ডার ছাড়াই ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমেরিকান নৌবাহিনীর চুক্তি রয়েছে, যার মাধ্যমে বন্দরে এক্সেস দেওয়া হতে পারে। এটি দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে।

স্কপ নেতারা জানান, শ্রমিকদের রাজপথে থাকার কোনো ইচ্ছা নেই। একটি লাভজনক প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

এ সময় তারা এনসিটি ইজারা প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার এবং বন্দর শ্রমিকদের বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top