২১ দিন পর উৎপাদনে ফিরল আনোয়ারার ডিএপি সার কারখানা

আনোয়ারা প্রতিনিধি : গ্যাস ও অ্যামোনিয়ার সংকটে টানা ২১ দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারার রাঙাদিয়া এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের দুটি প্ল্যান্ট।

শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।

তিনি জানান, গত ২ মে বিকেল থেকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এ উৎপাদন শুরু হওয়ায় ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ চালু হয়। কয়েকদিন অ্যামোনিয়া মজুত এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার দুপুর ২টা থেকে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হয়েছে। বর্তমানে অ্যামোনিয়ার সংকটও কেটে গেছে বলে জানান তিনি।

জানা গেছে, আনোয়ারায় অবস্থিত দুটি বৃহৎ সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সরবরাহ পায় ডিএপি-১ ও ডিএপি-২ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

গত ৪ মার্চ সরকারি নির্দেশনার প্রেক্ষিতে গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে ডিএপি কারখানাতেও অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

পরে মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে প্রায় দেড় মাস উৎপাদন চালু রাখা সম্ভব হলেও গত ১৮ এপ্রিল রাতে সেই মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যে কাফকোতে পুনরায় উৎপাদন শুরু হওয়ায় ডিএপি কারখানাটিও আবার চালু করা সম্ভব হয়েছে। তবে এখনো চালু হয়নি সিইউএফএল সার কারখানা।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি দেশের কৃষিখাতে যৌগিক সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া এই কারখানার দুটি ইউনিটে প্রতিদিন মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন ডিএপি সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top