চাটগাঁ নিউজ ডেস্ক: অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
আজ মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি স্বাভাবিক ধারায় ফেরাতে কাজ করছে সরকার। এ লক্ষ্য পূরণে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব আলোচনার ভিত্তিতেই আগামী রমজানের আগেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে পরীক্ষার সময় অনেকটা এগিয়ে আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, নতুন সূচি অনুসারে শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই পাঠ্যক্রম সম্পন্ন করা এবং পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন।
তবে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় প্রয়োজন হলে সময়সূচিতে আবারও পরিবর্তন আনা হতে পারে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/জেএইচ





