চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত জনসভায় রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, মাঘ মাসেই যদি মাথা এত গরম থাকে, চৈত্র মাসে যাবে কোথায়? মাথা ঠাণ্ডা রাখুন। মাথা গরম হলে মানুষ অনেক সময় বউকে মা বলে সম্বোধন করে বসে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২৪ না হলে ২৬ পাওয়া যেত না। যারা এটা অস্বীকার করে, তাদের এই ২৬-এ লাল কার্ড। তিনি আরও দাবি করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ নতুন পথের সন্ধান পাবে।
তিনি বলেন, ডাকসু থেকে জকসু পর্যন্ত যাত্রা থেমে গেছে। জামায়াত দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। বীরেরা কখনো মরে না। তারা জীবন দিয়ে বলে যায়—আমার জীবন তোমাদের জন্য।—যোগ করেন তিনি।
জামায়াত আমির বলেন, আমরা জীবন দেব জুলাই, কাউকে জীবন দিতে দেব না। তিনি অভিযোগ করেন, সাড়ে ১৫ বছর ধরে জনগণ নির্যাতিত থাকলেও গত ১৫ মাসেই কেউ কেউ চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারিতে বিজয়ী হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, তিনি একসময় বিএনপির সঙ্গে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি।
জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, জামায়াত নেতা হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম এবং বান্দরবান আসনের এনসিপি প্রার্থী এস এম সুজাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/এমকেএন





