চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হালিশহরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ বছর বয়সী উম্মে আইমান স্নিগ্ধা গতকাল বুধবার রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
স্নিগ্ধা ছিলেন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহকর্তা, মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের কন্যা। এর আগে সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে সাফায়াত হোসেনও এ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। সর্বশেষ স্নিগ্ধার মৃত্যুতে পরিবারটির আর কেউ বেঁচে নেই।
এই ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে ৭ জনের মৃত্যু নিশ্চিত হলো। গত ২৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাখাওয়াত হোসেনের পরিবারের চার সদস্য ছাড়াও তার প্রবাসী মেজ ভাই সামির আহমেদ, ভাইয়ের স্ত্রী পাখি আক্তার এবং ছোট ভাই শিপন হোসেন মারা যান।
চাটগাঁ নিউজ/এমকেএন





