চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ওয়াপদা এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’-এ সংঘটিত বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
সোমবার (২ মার্চ) বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ভবন ও আশপাশের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি এ দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, বর্তমান শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেক বেড়ে গেছে। বিশেষ করে জনবহুল আবাসিক এলাকা, শিল্পাঞ্চল, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বেশি সতর্কতার আওতায় আনার প্রয়োজন রয়েছে।
তিনি অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দাহ্য পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিয়মিত পরীক্ষা এবং প্রতিটি ভবনে মানসম্মত অগ্নিনির্বাপণ সরঞ্জাম—যেমন ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ব্ল্যাঙ্কেট ও স্মোক ডিটেক্টর—স্থাপনের আহ্বান জানান।
এমপি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হটলাইন নম্বর সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা উচিত।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ভোরে বিস্ফোরণের খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। দুর্ঘটনায় গুরুতর দগ্ধ সাখাওয়াতসহ একই পরিবারের নয়জনকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানেও তিনি দগ্ধদের খোঁজখবর নেন।
তিনি ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে দ্রুত তদন্ত শেষ করে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ উদঘাটনের দাবি জানান। নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।
পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আলমগীর, হালিশহর থানার ওসি আহসান উদ্দীন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার কবির আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





