চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারীতে ওরশের অনুষ্ঠান ঘিরে দুই পক্ষের বিরোধের জেরে নৌকায় হামলার ঘটনায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোহাম্মদ সাব্বির (২২) নামে এক তরুণের মরদেহ তিনদিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে হালদা নদীর ছায়ার চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী।
নিহত সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে হাটহাজারীর রামদাস মুন্সির হাট এলাকায় একটি মাজারের ওরশে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এক পক্ষ নৌকাযোগে রাউজানের দিকে ফেরার সময় অপর পক্ষ তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা নৌকাটি নদীর কিনারায় টেনে ধরে ভেতরে থাকা যুবকদের লাঠি দিয়ে মারধর করে। এ সময় প্রাণ বাঁচাতে তিনজন নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির পানির নিচে তলিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাঁপ দেওয়ার আগে তার মাথায় লাঠির আঘাত করা হয়।
ঘটনার পর রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয়রা নদীতে ব্যাপক তল্লাশি চালালেও প্রথম দুই দিনে তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে ছায়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নদীর সিসিটিভি ক্যামেরার ফুটেজে নৌকা টেনে ধরে মারধরের দৃশ্য দেখা গেছে। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





