চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের দুই মাসের মাথায় সাদিয়া ইসলাম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মৃত্যুর কয়েক দিন আগে সাদিয়া তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং নিজের কষ্টের কথা জানিয়েছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা এলাকার হাবিব ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর এলাকার বাসিন্দা। তার স্বামী আসিফ রাউজান উপজেলার গহিরা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে বিচ্ছেদের পর আসিফের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা হাটহাজারীর ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। গত ৩১ আগস্ট তারা নতুন বাসাটিতে ওঠেন।
সোমবার দুপুরে আসিফ মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক বাসায় গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় তিনি সাদিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের এক সদস্য বলেন, মৃত্যুর কয়েক দিন আগে সাদিয়ার সঙ্গে তাদের কথা হয়েছিল। তখন সে কিছুটা মানসিক কষ্টের কথা জানিয়েছিল। পরিবারের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দিয়ে দ্রুত দেখা করার কথা বলা হয়েছিল। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





