হাটহাজারীতে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। প্রায় তিন বছর আগে উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ের সঙ্গে ফিরোজের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচা পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য জানান।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top