হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মুন্নি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মুন্নি আক্তার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাহাদুরের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার ‘মা ম্যানশন’ নামে একটি ভবনের ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মুন্নি তার নিজ শয়নকক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। এরপরও ভেতর থেকে কোনো সাড়া না পেলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্নির মরদেহ উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top