চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে জুলি আকতার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুলি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলী ও পারভীন আকতার দম্পতির কন্যা। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
হাটহাজারী থানার উপপরিদর্শক মো. আলতাফ জানান, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাঁস খাওয়া এক কিশোরীর লাশ আনা হয়েছে বলে জানতে পারি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। বর্তমানে লাশটি থানা হেফাজতে রয়েছে।
জানা গেছে, নিহত কিশোরীর স্থায়ী ঠিকানা পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকায় হলেও তারা পরিবারসহ পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন। ফাঁসি খাওয়ার ঘটনাটিও সেখানেই ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
চাটগাঁ নিউজ/জেএইচ





